🗺️ আজকের অভিযান
মাদ্রাসার পেছনে একটা কুকুরছানা এসে জুটেছে। রোগা, ভয় পাওয়া, লেজ গুটিয়ে ঘুরে বেড়ায়।
আজ ছুটির পর একটা ছেলে পাথর তুলল। "দেখ কেমন লাফায়!"
পাথরটা লাগল। কুকুরছানাটা কেঁউ কেঁউ করে খুঁড়িয়ে পালাল।
কয়েকজন হেসে উঠল। কেউ কেউ চুপ করে রইল।
মাহদীও চুপ করে রইল।
বাড়ি ফিরে সে দাদাকে ঘটনাটা বলল — যেন সে নিজে কিছু করেনি বলে গর্বই করছিল।
দাদা কিছুক্ষণ চুপ করে শুনলেন। তারপর জিজ্ঞেস করলেন, "কতজন ছিল?"
"সাত-আটজন।"
"পাথর ছুঁড়ল কতজন?"
"একজন।"
"আর বারণ করল কতজন?"
মাহদী চুপ।
দাদা চশমাটা খুললেন। "দাদুভাই, নবীজি (সা.) বলেছেন — এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মেরে ফেলেছিল বলে সে শাস্তি পেয়েছিল। আর এক লোক তৃষ্ণার্ত কুকুরকে জুতোয় করে পানি খাইয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।"
📚 সহীহ বুখারী ৩৩১৮, ২৩৬৩
"একটা কুকুরের জন্য মাফ?"
"একটা কুকুরের জন্য মাফ।" দাদা মাথা নাড়লেন। "আর আজ সাতজন দাঁড়িয়ে দেখল। তুমি কি ভাবছ শুধু যে পাথর ছুঁড়েছে সে-ই দোষী?"
মাহদীর মুখটা শুকিয়ে গেল।
"কাল ওই ছানাটাকে খুঁজে বের করো," দাদা বললেন। "আর কিছু খেতে দিও।"
সেই রাতে দ্বীপের বালু হঠাৎ পাথুরে হয়ে গেল। চারদিকে পাহাড় কেটে বানানো বিশাল বিশাল বাড়ি — কিন্তু সব খালি, সব নিস্তব্ধ।
"এই জায়গাটার নাম ছিল সামূদ," হুদহুদ বলল। "একসময় পৃথিবীর সবচেয়ে দক্ষ কারিগররা এখানে থাকত। পাহাড় কেটে ঘর বানাত!"
"সবাই কোথায়?"
"সেটাই আজকের গল্প।"
সে আয়াতটা পড়ল: كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ (কায্যাবাত সামূদু বিতাগওয়াহা — সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল)।
"كَذَّبَتْ," মাহদী আস্তে বলল। "আবার।"
"আবার," হুদহুদ বলল। "খেয়াল রেখো — যেখানেই ধ্বংস, সেখানেই আগে এই শব্দটা আসে।"
"আল্লাহ ওদের কাছে নবী পাঠিয়েছিলেন — সালিহ (আ.)। আর নিদর্শন হিসেবে দিয়েছিলেন একটা উষ্ট্রী। নিয়ম ছিল সহজ: তাকে কষ্ট দেওয়া যাবে না, আর একদিন পানি সে খাবে, একদিন ওরা।"
"তারপর?"
"তারপর একজন লোক ঠিক করল উষ্ট্রীটাকে মেরে ফেলবে।" হুদহুদ পড়ল: إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا (ইযিনবাআসা আশকাহা — যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য লোকটা তৎপর হয়ে উঠল)।
"أَشْقَىٰهَا — তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য। একজন, মাহদী। মাত্র একজন।"
হুদহুদ পরের আয়াতটা পড়ল, ধীরে:
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا (ফাকায্যাবূহু ফাআকারূহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়্যাহা — কিন্তু তারা তাকে মিথ্যা বলল, আর উষ্ট্রীকে জবাই করল। ফলে তাদের পাপের কারণে তাদের রব তাদের ধ্বংস করে একাকার করে দিলেন)
মাহদী থেমে গেল। কিছু একটা খটকা লাগছে।
"হুদহুদ... মারল তো একজন। কিন্তু আয়াতে লেখা তারা মারল। আর শাস্তিও পেল সবাই।"
হুদহুদ অনেকক্ষণ চুপ করে রইল।
"তুমি আজকের সবচেয়ে কঠিন প্রশ্নটা করে ফেলেছ, সেনাপতি।"
"হাত ছিল একজনের। কিন্তু সম্মতি ছিল সবার। কেউ তাকে থামায়নি। কেউ বলেনি করিস না। তাই আল্লাহ কাজটা সবার নামে লিখলেন।"
মাহদীর আজ বিকেলের কথা মনে পড়ল — কুকুরছানাটার কেঁউ কেঁউ, আর সাতজনের চুপ করে দাঁড়িয়ে থাকা।
"হুদহুদ..." তার গলা ধরে এল। "আজ বিকেলে আমি চুপ করে ছিলাম।"
"জানি।"
"আমি তো পাথর ছুঁড়িনি।"
"সামূদের বাকি লোকগুলোও উষ্ট্রীটা জবাই করেনি।"
মাহদী মাটিতে বসে পড়ল।
হুদহুদ পাশে এসে বসল, আর গলাটা নরম হয়ে এল। "মনে আছে ক্লাস ১৭-এ কী বলেছিলাম? ঠাট্টাকারীর দরকার হয় দর্শক। আজ আবার সেই একই কথা, শুধু আরও বড় করে।"
"অন্যায় বেঁচে থাকে চুপ করে থাকা মানুষদের শক্তিতে।"
"তাহলে আমার কী করা উচিত ছিল?"
"যা তুমি কাল করবে।" হুদহুদ ঝুঁটি ফোলাল। "খাবার নিয়ে যাবে, তাই না?"
মাহদী মাথা নাড়ল।
"আর একটা কথা বলো ওদের। বলো — নবীজি (সা.) একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজনকে ক্ষমা করে দিয়েছিলেন। এবার দেখো কারা তোমার সাথে আসে।" 🐫